মোঃ আলামিন হোসেন
গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে নাবালিকা স্কুল শিক্ষার্থী অপহরণের ঘটনায় প্রাইভেট শিক্ষকসহ দু’জনকে নীলফামারী থেকে আটক করেছে র্যাব-১৩। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত প্রাইভেট শিক্ষক শাফিউল (৩০), বিদ্যাকোষ স্কুলের শিক্ষক ও
শাখাহার ইউনিয়নের ফেসকা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বিএম বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ১৫ বছর বয়সী এক নাবালিকা শিক্ষার্থীকে
সুকৌশলে প্রাইভেট শিক্ষক শাফিউল নিয়ে নিখোঁজ হন।
এ ঘটনার পর ৩ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। ১৫ অক্টোবর (বুধবার) নীলফামারী থেকে আসামি সাফিউল ও ভিকটিম নাবালিকাকে আটক করে র্যাব-১৩। পরে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়া এবং কোর্টে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জবানবন্দি গ্রহণের পর নাবালিকাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা হলেন এসআই (নিরস্ত্র) মুমিনুল ইসলাম।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম অভিভাবকদের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সন্তানদের পড়াশোনা ও চলাফেরার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। বাইরের কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও নজরদারি জরুরি।”
উল্লেখ্য, মামলাটির তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।