ডেস্ক রিপোর্ট
দিনাজপুরে র্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা
দিনাজপুরে র্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট অভিযানে চারটি অবৈধ ইটভাটাকে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-১৩ জানায়, জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর অতিরিক্ত সালফার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার, নিম্নমানের মাটি ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ভাটা পরিচালনার অভিযোগে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
এর ধারাবাহিকতায় বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন এলাকায় র্যাব-১৩ সিপিসি-১, দিনাজপুর জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের প্রতিনিধিদের উপস্থিতিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বাংলাদেশ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৪, ১৫ ও ১৮ ধারায় চার ইটভাটা মালিককে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন— মোঃ রাশেদ (৩ লাখ টাকা), মোঃ জুয়েল (৩ লাখ টাকা), মহসিন আলী (৫ লাখ টাকা) ও দুলাল রায় (৩ লাখ টাকা)। সর্বমোট জরিমানার পরিমাণ ১৪ লাখ টাকা।
র্যাব-১৩ জানায়, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।