
রাঙামাটি প্রতিনিধি: মো. নাজিম আলী
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার, জননিরাপত্তা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৮ আগস্ট ২০২৬ সকালে রাঙামাটি পৌরসভা সংলগ্ন মৃধা ভবনের তৃতীয় তলায় নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান ফিতা কেটে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে নতুন কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ও সমাজসেবক অ্যাডভোকেট মোক্তার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, পিসিএনপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শাহজালাল রানা, হেফাজতে ইসলামের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহ, রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, পিসিএনপি রাঙামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পিসিএনপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, সাধারণ সম্পাদক হাবীব আজম, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফসার রনি, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পিসিসিপি খাগড়াছড়ি জেলা প্রতিষ্ঠাতা সভাপতি সুমন আহম্মেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং পিসিসিপি বান্দরবান জেলা সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে হেফাজতে ইসলাম রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক ও কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাশেমের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পাহাড়ে বসবাসরত বাঙালিসহ সব সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং নাগরিক নিরাপত্তা প্রতিষ্ঠার দাবিতে কাজ করে যাচ্ছে। নতুন কেন্দ্রীয় কার্যালয় চালুর মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের জন্য সমান সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পিসিএনপি ভূমিকা রাখবে। পাশাপাশি সশস্ত্র তৎপরতা, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে সংগঠনটি সোচ্চার থাকবে।
অনুষ্ঠানে বক্তারা ‘আদিবাসী’ স্বীকৃতির দাবির আড়ালে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ এবং আঞ্চলিক প্রশাসনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন তারা।
বক্তারা দাবি করেন, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ একটি ঔপনিবেশিক আমলের আইন। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বর্তমান বাস্তবতার আলোকে এ আইন পুনর্বিবেচনা করে সম্পূর্ণরূপে বাদ দেওয়ার বিষয়ে আলোচনা প্রয়োজন। এসব বিষয়ে জাতীয় স্বার্থ, সংবিধান, রাষ্ট্রের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয় বিবেচনায় রেখে গণতান্ত্রিক আলোচনার পরিবেশ জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে পার্বত্য চট্টগ্রামে পিসিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের অন্যতম কেন্দ্র হিসেবে নতুন কার্যালয়টি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।






