
মোঃ ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি — ,
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁচচক্কর গ্রামে অভিযান চালিয়ে এক পাখি শিকারিকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে স্থানীয়দের সহযোগিতায় একটি ভুট্টাক্ষেত থেকে টিয়া পাখি শিকারের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিকারিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আর পাখি শিকার করবেন না—এ মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে উদ্ধার করা টিয়া পাখিগুলো পরে উপজেলা পরিষদ চত্বরে উন্মুক্ত আকাশে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার, ধরা ও বিক্রি সম্পূর্ণ বেআইনি। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং পাখি শিকার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।







