
খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক একটায় গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক ঘাগড়া বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে পঞ্চগড় জেলার সদর থানাধীন টিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্তের মেইন পিলার ৭৫৫ এর ৮ নম্বর সাব পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের টিয়াপাড়া এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু আটক করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে।
দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।







