
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার সাদুল্লাহপুরে কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনায় মামলা দায়েরের পর র্যাবের যৌথ অভিযানে ভিকটিমকে উদ্ধারপূর্বক প্রধান আসামিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাদুল্লাহপুর সরকারি ডিগ্রি কলেজের ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাবসহ নানা উপায়ে উত্ত্যক্ত করছিল একই এলাকার হাবিব মিয়া (২০)। ভিকটিম প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ হয়ে গত ১১ অক্টোবর ভোরে পরিকল্পিতভাবে তাকে জোরপূর্বক অটোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় হাবিব ও তার সহযোগীরা। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সাদুল্লাহপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০২৫) এর ৭/৩০ ধারায় মামলা (নং-১৭, তারিখ ১৫ নভেম্বর ২০২৫) দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল। গুরুত্ব বিবেচনায় র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র্যাব-২, সিপিএসসি, বসিলার যৌথ দল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি হাবিব মিয়াকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিম ও গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অপহরণ, ধর্ষণ, হত্যা ও অন্যান্য জঘন্য অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।







