
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাই মোঃ আব্দুল কুদ্দুসকে (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান পলাতক আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৩, সদর কোম্পানি রংপুর এবং র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের যৌথ অভিযানে গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সাওড়াতলী (পূর্ব পাড়া) এলাকা থেকে প্রধান আসামি মোঃ আব্দুল মান্নান (৩০) কে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর (বড়পাক) এলাকার মৃত তছুমদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মোঃ আব্দুল কুদ্দুসের সঙ্গে তার সৎ ভাই আব্দুল মান্নানের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আসামি ও তার সহযোগীরা ভিকটিমকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।
ঘটনার দিন ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে নিহত কুদ্দুস ও তার ছেলে মোঃ রাসেল মিয়া পৈতৃক জমিতে ধান রোপণ করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে আসামি ও তার সহযোগীরা কুড়াল ও কোদাল হাতে সেখানে উপস্থিত হয়ে বাধা দেয়। এ সময় কুদ্দুস প্রতিবাদ করলে আব্দুল মান্নান ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ০২, তারিখ ২ জানুয়ারি ২০২৬, ধারা ৪৪৭/৩২৬/৩০৭/৩০২/৩৪ (পেনাল কোড ১৮৬০)।
ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকলেও র্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, সমাজে সহিংসতা ও গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।







