এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি
ফিলিস্তিনের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিক কোরের ডিন ড. এস. ওয়াই. ইউসুফ রমাদানের আমন্ত্রণে বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ তাঁর সরকারি বাসভবনে আয়োজিত এক মধ্যাহ্নভোজে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
মধ্যাহ্নভোজ ও সৌজন্য সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি দৃঢ় সমর্থন ও সংহতির বিষয়টি নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক বিভিন্ন ইস্যু এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত ড. ইউসুফ রমাদান ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলের আমীরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি জুলাই আন্দোলনে দলের ভূমিকারও প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, ইসলামের মূল্যবোধ ও আদর্শ অনুসরণ করে দলটি ভবিষ্যতেও বাংলাদেশের কল্যাণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা শায়েখ ফজলে বারী মাসউদ; দলের উপদেষ্টা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মোশী; ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সাজাল; ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার; ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন; এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক ড. আবু হুরায়রা।
প্রতিনিধি দল ফিলিস্তিনি জনগণের ন্যায্য ও বৈধ অধিকার প্রতিষ্ঠার প্রতি তাদের অব্যাহত সমর্থনের পুনর্ব্যক্ত করে এবং একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আশা প্রকাশ করে।