হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা কারাগারের জেল সুপার ও চিকিৎসক পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র কারাবন্দি কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামের মৃত আব্দুল রহমানের পুত্র কারাবন্দী শুকুর আলীর পরিবারের কাছ থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটি প্রতারণার ঘটনাটি শুরু করে গত ২৮ জুলাই রতনপুর ইউনিয়নের গ্রাম্য পুলিশ মিলন কারা বন্দি শুকুর আলীর স্ত্রী ও পরিবারকে মোবাইলে তার স্বামী কারাগারে স্ট্রোক করেছে বলে একটি নাম্বার থেকে জেল সুপার ও চিকিৎসকের সঙ্গে কথা বলতে বলেন। পরিবারের সদস্যরা এ নাম্বারে যোগাযোগ কালে চিকিৎসক পরিচয়ে শুকুর আলীর চিকিৎসার জন্য দ্রুত টাকা পাঠাতে বলেন । না হলে বাঁচানো সম্ভব হবে না বলে জানান। সরকারিভাবে ৪০ হাজার টাকা দেয়া হবে বাকি টাকা নিজেদেরকে দিতে হবে বলে জানান। এ খবর দুবাই প্রবাসী ভাইকে জানালে গ্রাম্য পুলিশ মিলনের মাধ্যমে ০১৭০৫৮৭০৮৩৭ নম্বরে ৩ দফায় ১ লক্ষ্য ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্রটি। পরে উক্ত নম্বর বন্ধ করে দেওয়ায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি। উক্ত ঘটনায় গ্রাম্য পুলিশ মিলন সহ ঐ চক্রটির বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এতে সন্দেহ হলে পরিবারের সদস্যরা সাতক্ষীরা জেলা কারাগারে গিয়ে শুকুর আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তারা জানতে পারেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং কখনো অসুস্থ হননি।
ভুক্তভোগী পরিবারের দাবি, জেলা কারাগার কর্তৃপক্ষও তাদের জানিয়েছে, চিকিৎসার খরচ চেয়ে কারাগার থেকে কোনো ফোন করা হয়নি।
অভিযোগের বিষয়ে গ্রাম পুলিশ মিলনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন কালীগঞ্জ থানার এস আই হেকমত পরিচয়ে একজন আমাকে ফোন করে বলেন মোবাইলটি দ্রুত শুকুর আলীর বাড়িতে নিয়ে যাও, সে জেলখানায় স্ট্রোক করেছে। ঐ কথা শুনেই আমি দ্রুত শুকুর আলীর বাড়িতে গিয়ে বিষয়টি জানাই।