নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ সদর এলাকায় ভোজ্যতেলের অবৈধ মজুদ ও অনিয়ম বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) দুপুর ১:০০ ঘটিকা থেকে বিকেল ৩:৩০ ঘটিকা পর্যন্ত ঝিনাইদহ শহর এলাকায় এই যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ভোজ্য তেল বিক্রয়ে অনিয়ম এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-২ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স ও কাগজপত্র যাচাই করা হয়। একইসঙ্গে ব্যবসায়ীরা ভোজ্যতেলের অবৈধ মজুদ করছে কিনা কিংবা নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করছে কিনা সে বিষয়ে নিবিড় তদারকি চালানো হয়। অভিযান চলাকালে ঝিনাইদহ শহরের মেসার্স মজিদ ষ্টোর নামীয় প্রতিষ্ঠানকে তেল বিক্রয়ে অনিয়ম করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শাহা স্টোর নামক অপর একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ পণ্য বিক্রয় করার দায়ে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে র্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, ভোজ্যতেলের অবৈধ মজুদ প্রতিরোধ এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মূল্যের ঊর্ধ্বগতি রোধে র্যাবের এই কঠোর অভিযান ও নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে।