মোঃ ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি,
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩নং দাইপুখুরিয়া ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উন্মুক্তভাবে ভিজিএফ (VGF) বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়। ভিজিএফ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলোমগীর (রেজা)।
এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায়, নিম্নআয়ের ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে সরকারি বরাদ্দ অনুযায়ী চাল বিতরণ করা হয়। ভিজিএফ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ, ইউপি সদস্য মোঃ আখতারুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান মঈনুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মোঃ আলোমগীর (রেজা) বলেন, “সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই ভিজিএফ বিতরণ করা হচ্ছে। যাতে দরিদ্র মানুষও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
স্থানীয় উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে, ইউপি চেয়ারম্যান মোঃ আলোমগীর রেজা নিজ বাসভবনে উম্মুক্তভাবে ভিজিএফের কার্ড বিতরণ করেন।