কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানকে নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নোটিশে আগামী ১ ফেব্রুয়ারি কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল আদালত ভবনের অস্থায়ী কার্যালয়ে (কক্ষ নং ৭০১ ও ৭০২) স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ২৬ জানুয়ারি কুড়িগ্রাম-১ আসনের বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট আজহারুল ইসলাম জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিভিন্ন জনসভা ও উঠান বৈঠকে তিনি প্রকাশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিচিত নেতা, কর্মী ও সমর্থকদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে তাদের রাজনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে।
এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন সমাবেশ, মিছিল ও সভায় রঙিন ব্যানার ব্যবহার করা হয়েছে, যা নির্বাচনি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
এ বিষয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচনী এলাকা নং–২৫, কুড়িগ্রাম-১-এর সভাপতি ও সিভিল জজ মুহাম্মদ আয়াজ বলেন,
“প্রাপ্ত অভিযোগ ও দাখিলকৃত ভিডিও প্রমাণের আলোকে জাতীয় পার্টির প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। তার ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”