নিজস্ব প্রতিবেদক | রংপুর:
(র্যাব)১৩ এর পৃথক তিনটি অভিযানে ৩৪৩ বোতল এস্কাফ (ESKuf), ৯৯ বোতল ফেয়ারডিল (Fairdyl), ২ বোতল এস্কাফ ডিএক্স (ESKuf DX), ২০.৭ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাব দীর্ঘদিন ধরেই মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
লালমনিরহাটের কালিগঞ্জে প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১টার দিকে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামে কাকিনা–মহিপুরগামী সড়কে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩৪১ বোতল এস্কাফ, ৯৯ বোতল ফেয়ারডিল ও ২ বোতল এস্কাফ ডিএক্স উদ্ধার করে। এ সময় প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ঘোড়াঘাটে চেকপোস্টে ৫ কেজি গাঁজাসহ এক যুবক আটক
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টা ৪০ মিনিটে র্যাব১৩ এর সিপিসি৩, গাইবান্ধা ক্যাম্প দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন সিংড়া ইউনিয়নের মগলিশপুর এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেলে ঝুলানো ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
সৈয়দপুরে বসতবাড়ি থেকে ১৫.৭ কেজি গাঁজা উদ্ধার
একইদিন বিকাল ৪টা ২০ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বসতবাড়ি থেকে ১৫.৭ কেজি গাঁজা উদ্ধার করে। অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহের তথ্য
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা রংপুর বিভাগের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তারা নানা অভিনব কৌশলে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করে আসছিল।
আইনগত ব্যবস্থা
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।