মোঃ মোয়াজ্জেম হোসেন
টাঙ্গাইল মির্জাপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারক চক্র নিজেদের মির্জাপুর থানার ওসি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করছে। ফোনে তারা দাবি করছে, সংশ্লিষ্ট ব্যক্তির নামে থানায় অভিযোগ রয়েছে। পরে সেই অভিযোগ বা সম্ভাব্য মামলা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি করা হচ্ছে।
মঙ্গলবার বিকেলে সিঙ্গাপুরপ্রবাসী নুরুল ইসলাম খান একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন পান। ফোনকারী নিজেকে মির্জাপুর থানার ওসি পরিচয় দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানান এবং বিষয়টি সমাধানের জন্য টাকা দাবি করেন। তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় নুরুল ইসলাম ফোনটি কেটে দেন।
এর আগে একই ধরনের কৌশলে মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম খানের কাছেও ফোন করে অর্থ দাবি করা হয়েছে বলে জানা গেছে।
পরে নুরুল ইসলাম হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট সাংবাদিকদের কাছে পাঠিয়ে বিষয়টির সত্যতা যাচাইয়ের অনুরোধ জানান।
এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তাঁর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দেশ-বিদেশে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
পুলিশ জনগণকে এ ধরনের ফোনকল বা বার্তার বিষয়ে সতর্ক থাকার এবং পরিচয় নিশ্চিত না হয়ে কোনো ব্যক্তি বা নম্বরে অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে।