
কুড়িগ্রাম প্রতিনিধি |
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই প্যান্ট পিস জব্দ করেছে নাগেশ্বরী থানা পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা সীমান্ত চোরাকারবারিদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল) মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলুর রহমান (ফজলু চেয়ারম্যান) এর বাড়ি এবং মোমিনগঞ্জ এলাকার রিয়াজুল ইসলাম (৩৫) এর বাড়িতে অভিযান চালিয়ে ২৬৮ পিস ভারতীয় চোরাই থান কাপড় জব্দ করা হয়।
জব্দকৃত প্রতিটি প্যান্ট পিসের দৈর্ঘ্য ১২ মিটার। সে হিসেবে মোট ৩,২১৬ মিটার কাপড় উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী মাদক ও চোরাচালানবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় জেলার প্রতিটি থানায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে