এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদর জাগুরজুলি এলাকায় একটি বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়েছে।
জব্দ করা ইয়াবার পরিমাণ প্রায় ৩ লাখ পিস, যার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ ও দুজনকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন ফয়সাল হোসেন (২৫) ও প্রাডো গাড়ির চালক আমান উল্লাহ (৩৫)। তাদের দুজনের বাড়িই কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় ডিবির একটি দল।
এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবার বড় একটি চালান উদ্ধার করা হয়।
পরে গণনা করে ওই লাগেজ থেকে ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানায় পুলিশ।
ইয়াবা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
। এসময় তিনি জানান, আটকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।