ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনার দায়ে একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল। এছাড়া রান্নাঘরের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর এবং পরিবেশনের জন্য প্রস্তুত খাবারে মাছির উপস্থিতি দেখা যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক জানান, লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে হোটেল ম্যানেজার হাসান আলীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উপস্থিত ছিলেন।