আবুল হোসেন বাবলুঃ
ইউনিফর্ম পরে কখনো সেনাবাহিনী ও নৌবহিনীর নারী সৈনিক সেজে কখনোবা পুরুষ সেনা সদস্য পরিচয় দিতো এবং নারী কন্ঠে কথা বলতো। মোবাইলে ভিডিও কলের মাধ্যমে সামরিক বাহিনীর ইউনিফর্ম পরে প্রথমে মানুষজনের বিশ্বাস অর্নজ করতো। অল্প টাকায় জমির শেয়ার কিনে দেয়াসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণাকারী ও
নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে টাকা আদায় চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-১৩। মামলার বাদীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে ১৭ লক্ষ ২৬ হাজার টাকা।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে জানানো হয়, প্রতারক চক্রটি সেনাবাহিনী ও নৌবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে মোবাইল ফোনে বাদীর সঙ্গে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার ক্রয় করার জন্য প্রস্তাব দেয়। পাশাপাশি তারা বাদীকে আরও প্রলোভন দেখায় যে, তাদের ২টি শেয়ার ক্রয় করা আছে। তার মধ্যে একজন নারী সৈনিকের একটি শেয়ার রয়েছে। নারী সৈনিকের কিছু টাকা বাকি থাকায় বাদীর নিকট হতে শেয়ার বিক্রি করে টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে কিছু টাকা চায়। প্রচারক চক্রটি বিভিন্ন সময় অনলাইন ভিডিও কলে সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিধান করে বাদীর সঙ্গে কথা বলে বিশ্বস্ততা অর্জন করে। বাদীকে অল্প টাকায় একটি শেয়ার ক্রয় করে দিবে বলেও প্রলোভন দেখায়। তারারা নিজেদের সামরিক বাহিনীর সদস্য পরিচয় দেয়ায় বাদী সরল বিশ্বাসে জমির একটি শেয়ার ক্রয়ের উদ্দেশ্যে পর্যায়ক্রমে সর্বমোট ১৭ লক্ষ ২৬ হাজার টাকা প্রদান করে।
টাকা পাঠানোর পর তারা কাল ক্ষেপন করতে থাকে এবং অতিরিক্ত আরও ৫ লক্ষ টাকা দাবি করলে বাদীর সন্দেহ হয়। একপর্যায়ে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে বাদী জানতে পারে তারা একটি প্রতারণা চক্রের সদস্য এবং কোন বাহিনীতে চাকরি করেন না।
এ ঘটনায় বাদী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩/১৭৭, তারিখ- ০৭/১১/২০২৫ ধারা- ১৭০/১৭১/৪০৬/৪১৮/৪২০/ ৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০।
এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার ১২ নভেম্বর রাত দেড়টার দিকে রংপুর জেলার পীরগাছা থানাধীন অভিরাম গ্রামে অভিযান চালিয়ে প্রতারণা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী রংপুর জেলার
পীরগাছা উপজেলার পীরগাছা থানার অন্তর্ভুক্ত অভিরাম (নামা দোলা) গ্রামের সাজ্জাদ হোসেন @ জাহিদুল ইসলাম এর ছেলে নাজমুল হাসান @ জিম (২৪)।
প্রাথমিকভাবে যানা যায় যে, আসামী নাজমুল হাসান @ জিম বিভিন্ন সময়ে নিজেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারনার মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ অত্মসাৎ করেছে। সে নিজেকে মাঝে মাঝে নারী সেনা সদস্য হিসেবেও পরিচয় দিতো এবং নারীর বেশ ধারণ করে নারীর কন্ঠে কথা বলে ভিডিও কলের মাধ্যমে প্রতারণা করতো এবং নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে টাকা আদায় করতো।
অভিযানকালে নাজমুল হাসান @ জিমের হেফাজত হতে সেনাবাহিনীর ইউনিফর্ম, নৌবাহিনীর ইউনিফর্ম সহ
বিভিন্ন বাহিনীর বিভিন্ন কালারের ক্যান্টিন গেঞ্জি ও ভুয়া এনআইডি কার্ড এবং বাটন মোবাইল ৫ টি,স্মার্ট মোবাইল ১টি। মেয়েদের পরচুলা (নকল চুল) ১গোছা এবং মেকআপ সেট উদ্ধার করেছে র্যাব।আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।