
রংপুর প্রতিনিধি:
ইউনিফর্ম পরে নিজেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব ১৩। গ্রেফতারকৃতের নাম মোঃ নাজমুল হাসান ওরফে জিম (২৪)। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার অভিরাম (নামা দোলা) গ্রামের মোঃ সাজ্জাদ হোসেন ওরফে জাহিদুল ইসলামের ছেলে।
র্যাব-১৩, সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে রংপুরের পীরগাছা থানাধীন অভিরাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নাজমুল হাসান দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর কর্মকর্তা বা সৈনিক পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করত। কখনও আবার নারী সেনা সদস্য পরিচয়ে নারীর বেশ ধারণ করে ও নারীর কণ্ঠে কথা বলে ভিডিও কলে প্রতারণা করত। এমনকি নারী কেলেঙ্কারিতে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনাও ঘটাত সে।
বাদীর দায়েরকৃত মামলার সূত্রে জানা যায়, আসামি ও তার সহযোগীরা সেনাবাহিনীর সৈনিক পরিচয়ে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার বিক্রির প্রলোভন দেখায়। তারা অনলাইন ভিডিও কলে সামরিক বাহিনীর ইউনিফর্ম পরে কথা বলে বিশ্বাস অর্জন করে এবং বিভিন্ন অজুহাতে পর্যায়ক্রমে ১৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আরও ৫ লাখ টাকা দাবি করলে বাদীর সন্দেহ হয় এবং অনুসন্ধানে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্য। এ ঘটনায় হোসেনপুর থানায় মামলা নং-০৩/১৭৭, তারিখ-০৭/১১/২০২৫, ধারা ১৭০/১৭১/৪০৬/৪১৮/৪২০/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করা হয়।
অভিযানের সময় র্যাব সদস্যরা প্রতারকের হেফাজত থেকে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিফর্ম, নকল আইডি কার্ড, মোবাইল ফোন, মেয়েদের পরচুলা ও মেকআপ সেটসহ একাধিক আলামত উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
সেনাবাহিনীর কম্ব্যাট ড্রেস, গেঞ্জি, ট্রাউজার, ক্যাপ ও টাওয়াল
নৌবাহিনীর সাদা ড্রেস, গেঞ্জি, জার্সি ক্যাপ ও টাওয়াল
বিভিন্ন বাহিনীর ক্যান্টিন গেঞ্জি ১৫টি
ভুয়া এনআইডি কার্ড ৯টি
বাটন মোবাইল ৫টি, স্মার্ট মোবাইল ১টি
মেয়েদের পরচুলা ১ গোছা ও মেকআপ সেট
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান,
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুরূপ প্রতারণা চক্রের বিরুদ্ধে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।







