
ডেস্ক রিপোর্ট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৭২,০০০ টাকা জব্দসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্র ধারণ করে তারা দেশের সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে র্যাব সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) র্যাব-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানাধীন দিনাজপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালায়। এসময় ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে দুইটি নীল রঙের এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৭২,০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ মহারাজ মীর (৪৫), পিতা: মোঃ সুলতান মীর, জেলা: ঝালকাঠি
২. মোঃ সাহাদত হোসেন (৩৬), পিতা: মোঃ সামসুল আলম, জেলা: দিনাজপুর
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা উৎস থেকে মাদক সংগ্রহ করে গাইবান্ধা ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।







