বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।
জানাযায় উপজেলার কপিলমুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বড় ভাই বীরেন্দ্র বৈরাগী (৭৮) প্রাণ হারালো। ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানাযায় ২৭ এপ্রিল সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির নাবা বৈরাগী পাড়ায় পারিবারিক কলাহের কারনে এ ঘটনা ঘটেছে।
নিহতের পুত্রবধূ বৈশাখী বৈরাগী জানান, দুই পরিবারের মাঝে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। একটি মন্দির তৈরি করতে বিরোধপূর্ণ জমিতে ইট রাখলে সোমবার সকালে ছোট দাদা শশুরসহ তার তিন ছেলে এসে বিবাদে জড়িয়ে পড়ে। এসময় আমার কাকা শশুর কিরন বৈরাগী আমার শশুর বীরেন্দ্র বৈরাগী (৭৯) কে বুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাশ্ববর্তী প্রতিবেশী নকুল সরদার জানান, দীর্ঘদিন ধরে বীরেন্দ্র বৈরাগী অসুস্থ ছিলেন এবং জমিজমা সংক্রান্ত পারিবারিক কলাহ চলছে।
কপিলমুনি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাচী সিকদার জানান, পৌনে দশটার দিকে অচেতন অবস্থায় বীরেন্দ্র বৈরাগীকে নিয়ে আসলে চেক করে দেখা যায় হার্টের পালস ও প্রেসার ছিলনা। চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার চোখে অপারেশন করা ছিল। এছাড়াও তিনি হার্টের রোগে অসুস্থ ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছেন। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরেই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, "নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। অভিযোগ বা এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বীরেন্দ্র বৈরাগীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।