রংপুর বুরো প্রধান
রংপুর মহানগরীর একটি অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার এবং প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২১ এপ্রিল) বিকেলে কুমিল্লা জেলার লালমাই এলাকায় অভিযান চালিয়ে এ সফলতা অর্জন করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে আসামি মোঃ তৌকির রহমান (১৯) তাকে উত্যক্ত করে আসছিল এবং প্রেমের প্রস্তাব দিচ্ছিল। বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও আসামি তা উপেক্ষা করে এবং অপহরণের হুমকি দেয়।
গত ১ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে তৌকির রহমান ও তার সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা ১০ এপ্রিল রংপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকলেও র্যাব-১৩, রংপুর এবং র্যাব-১১, কুমিল্লার যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে লালমাই থানার পূর্ব অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, অপহরণসহ সকল ধরনের গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।