ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কচাকাটা থানার কুমোদপুর গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে এবং প্রায় পাঁচ বছর ধরে কুমোদপুর বাজারের ‘ভাই ভাই ট্রেডার্স’-এ কর্মরত ছিলেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে মহাজনের টাকা সংগ্রহ করতে সোনাহাট যাচ্ছিলেন শাহিন। পথিমধ্যে সোনাহাট দাদামোড়ে তিন চাকার ভটভটির সঙ্গে তাঁর মোটরসাইকেলের তীব্র সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় জড়িত ভটভটির মালিক ও চালক বেলাল হোসেন—পাইকেরছড়া (উত্তর গছিডাঙ্গা) গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি নিজস্ব গাড়ি চালানো শুরু করেন। ঘটনার সময় তিনি ভাটা থেকে ইট নিয়ে কচাকাটা যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহত শাহিন আলম এক স্ত্রী, তিন সন্তান—এর মধ্যে দু’জন জমজ ছেলে—রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মরদেহ হস্তান্তর প্রসঙ্গে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, “মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”
এদিকে সংশ্লিষ্ট মহল বলছে, অনিয়ন্ত্রিত ভটভটি ও মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগ না থাকায় এ ধরনের দুর্ঘটনা বাড়ছে।
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার BRTA’র সরকারি দুর্ঘটনা সহায়তা তহবিল থেকে ক্ষতিপূরণের আবেদন করতে পারে। এ জন্য মামলা কপি, পোষ্টমর্টেম রিপোর্টসহ প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে।