মো. আব্দুল গফুর সিকদার
মনপুরা (ভোলা) প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,
পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছা।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. কামাল উদ্দিন, সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা,
সদস্যসচিব হাফিজ আব্দুর রহিম, সাবেক যুবদল সভাপতি ও যুব বিষয়ক সম্পাদক
মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান পলাশ ও সদস্যসচিব মো. হোসেন হাওলাদার।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউএনও মো. আবু মুছা বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একসময় হাটবাজারে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ প্রচুর পাওয়া যেত।
মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস।
তাই সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যজীবীসহ সর্বস্তরের মানুষকে মৎস্যসম্পদ রক্ষায় এগিয়ে আসতে হবে।
সভায় অন্যান্য বক্তারাও মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. কামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা এবং সাবেক যুবদল সভাপতি ও উপজেলা যুব বিষয়ক সম্পাদক
মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী।
উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মনপুরায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।