মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী) ::
দ্বীপ উপজেলা মহেশখালীতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া এলাকায় (গোরকঘাটা-জনতা বাজার সড়ক) এ অভিযান পরিচালনা করেন মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। অভিযানে নৌবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চালক ও মালিকদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়। এসময় মোট ১৪ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আইন অমান্যকারীকে তাৎক্ষণিকভাবে জরিমানা ও মামলা দেওয়ার পাশাপাশি অনেক চালককে সতর্ক করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, “জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক চালক, কাগজপত্রবিহীন গাড়ি ও আইন না মানা চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, সড়ক পরিবহন আইনের সঠিক প্রয়োগ হলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে এবং শৃঙ্খলা ফিরে আসবে। তারা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।
উল্লেখ্য, মহেশখালী উপজেলায় সম্প্রতি অপ্রাপ্তবয়স্ক চালকদের বেপরোয়া গাড়ি চালানো ও কাগজপত্রহীন যান চলাচল বেড়ে যাওয়ায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান জনমনে স্বস্তি এনে দিয়েছে।