প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৬, ৫:১৬ এ.এম
অসুস্থ বৃদ্ধের চিকিৎসায় সহায়তার হাত বাড়াল উপজেলা প্রশাসন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আর্থিক সংকটে চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাওয়া এক অসুস্থ বৃদ্ধের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তাঁর চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের বাসিন্দা ভানু চন্দ্র বর্মনের হাতে অনুদানের চেক তুলে দেন ইউএনও অমৃত দেব নাথ।
জানা যায়, বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ভানু চন্দ্র বর্মন দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। সীমিত আয়ের কারণে তাঁর চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় ইউএনও অমৃত দেব নাথ বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে উপজেলা প্রশাসন। চিকিৎসার প্রয়োজন থাকা সত্ত্বেও অর্থাভাবে যেন কেউ বঞ্চিত না হন, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে ভানু চন্দ্র বর্মন ও তাঁর পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।