আবুল হোসেন বাবলুঃ
গভীর রাতে মহানগরীর দর্শনা মোড় এলাকায় যৌথ ভাবে অভিযান চালিয়ে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ৯ সেপ্টেম্বর মধ্য রাতে দর্শনা মডার্ণ মোড়গামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে শুটকির আড়ত এলাকা সহ আশপাশের এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও তাজহাট থানা পুলিশের একটি আভিযানিক দল। এ সময় শুটকির আড়তের প্রায় ১০০ গজ দক্ষিণে বাউন্ডারি ঘেরা একটি বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করে যৌথ বাহিনী। বস্তাগুলো তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে থানায় নেয়া আসা হয়েছে। এ বিষয়ে তাজহাট থানায় জিডি (নং-৩৬৯, তারিখ- ০৯/০৯/২০২৫) এন্ট্রি করা হয়েছে।
তবে অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে তা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।