ডেস্ক রিপোর্ট
যশোরের চৌগাছা উপজেলায় দাদির মৃত্যুসংবাদ শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক।
রোববার (১৯ এপ্রিল) রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম (২৫) বকশিপুর গ্রামের বাসিন্দা। তিনি খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, রোববার (১৯ এপ্রিল) বিকেলে বার্ধক্যজনিত কারণে আশরাফুলের দাদি মারা যান। খবর পেয়ে তিনি দ্রুত মোটরসাইকেল নিয়ে খুলনা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু বাড়ি ফেরা আর হলো না তার।
রাত সাড়ে ৮টার দিকে বকশিপুর বাজারের অদূরে পৌঁছালে আশরাফুলের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা মডেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তবে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই আশরাফুলের মৃত্যু হয়েছে। তার মাথা ও বুকে গুরুতর আঘাতের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান, এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।