
মো. আব্দুল গফুর সিকদার
মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৬০ কলোনি এলাকায় সম্প্রতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মনপুরা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
পরিদর্শনে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মো. আব্দুর রহিম এবং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। নেতারা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং জোয়ারের পানিতে পুরোনো বেড়িবাঁধের ভেতরের অংশ ও রাস্তার বিভিন্ন স্থানে ভাঙনের চিত্র সরেজমিনে পরিদর্শন করেন।
স্থানীয়দের অভিযোগ, নতুন বেড়িবাঁধ নির্মাণের বাইরের অংশে অবস্থিত ৬০ কলোনির পাশাপাশি পুরোনো বেড়িবাঁধের ভেতরের এলাকাও জোয়ারের পানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পুরোনো বেড়িবাঁধসংলগ্ন সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এ সময় যুবদল নেতারা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান।






