
দিনাজপুরে বাক-প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনায় র্যাবের পৃথক অভিযানে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্র ধারণ করে হত্যা, ধর্ষণ, অপহরণ ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের নানীর বাড়িতে দুধ আনতে গেলে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর নানীর অনুপস্থিতিতে অভিযুক্ত মোঃ মোস্তাক (৩২) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মামলার দ্বিতীয় আসামি মোঃ মমিনুর রহমান (৪৫) ঘটনার পর মোস্তাককে পালাতে সহায়তা করে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৮)।
ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকলেও র্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ৮ জানুয়ারি ২০২৬ গভীর রাতে র্যাব-১৩ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে প্রধান আসামি মোঃ মোস্তাককে গ্রেফতার করা হয়। একই রাতে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা থেকে দ্বিতীয় আসামি মোঃ মমিনুর রহমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র্যাব জানায়, ধর্ষণসহ সকল ধরনের সহিংস অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।







