
স্টাফ রিপোর্টার
পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টন নিশ্চিত করার দাবিতে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশাল সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। বুধবার (৫ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল স্কুল প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিপুলসংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা। প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশিদ এবং বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আমিনুল ইসলাম। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর থেকে শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পানির প্রবাহ কমে গেছে, যা কৃষি, মৎস্য, পরিবেশ ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। অপরদিকে বর্ষায় আকস্মিকভাবে অতিরিক্ত পানি ছাড়ায় নদীভাঙন ও বন্যা পরিস্থিতি দেখা দেয়। বক্তাদের দাবি, দেশের কৃষিভিত্তিক অর্থনীতি টিকিয়ে রাখতে হলে পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, “দেশ বাঁচাতে হলে কৃষি বাঁচাতে হবে, আর কৃষি বাঁচাতে নদী বাঁচানো ছাড়া কোনো বিকল্প নেই। ফারাক্কার ফলে বাংলাদেশের বৃহৎ অংশ পানি সংকটে ভুগছে। জাতির স্বার্থে পদ্মাকে বাঁচানোর আন্দোলন আরও জোরদার করতে হবে।”
প্রধান বক্তা হারুনুর রশিদ বলেন, “ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তি থাকলেও তা বাস্তবে কার্যকর হয়নি। পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ রাজনৈতিক কারণে বাস্তবায়ন হয়নি। এখন জাতীয় পর্যায়ে জনমত তৈরি করে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি আমিনুল ইসলাম বলেন, “পদ্মার পানি আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত রাখবো।”
এর আগে গত ২ নভেম্বর জেলা শহরে ‘পদ্মা বাঁচাও’ দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ৭ নভেম্বর ভোলাহাটে আরেকটি সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।
উল্লেখ্য, ভারতের ফারাক্কা ব্যারেজের কারণে পদ্মার পানির প্রবাহ গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে নদীভাঙন, চর জাগা, লবণাক্ততা বৃদ্ধি ও পরিবেশগত ক্ষয়ক্ষতির ফলে কৃষি ও অর্থনীতিসহ জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে।







