
মোঃ মোয়াজ্জেম হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ জুলাই) উপজেলার নতুন বাসস্ট্যান্ড রেলগেট এলাকা এবং বানাইল ইউনিয়নের ভূষন্ডি রথখোলা মোড়ে স্থানীয় জনতার সহযোগিতায় তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—পৌরসদরের পোস্টকামুরী পূর্বপাড়া এলাকার আব্দুল বারেক (৪০), লতিফপুর ইউনিয়নের ছলিমনগর গ্রামের জামিল হোসেন (২৬), বানাইল ইউনিয়নের ভূষন্ডি দক্ষিণপাড়া গ্রামের নজরুল (৪০) এবং নাগরপুর উপজেলার বেটুয়াজানী গ্রামের রাসেল মিয়া (৩৮)।
পুলিশ জানায়, শনিবার রাতের দিকে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রেলগেট এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগে জামিল হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে আব্দুল বারেককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে একই দিন বিকেলে ভূষন্ডি রথখোলা মোড়ে হেরোইন বিক্রির সময় স্থানীয় লোকজন নজরুল ও রাসেল মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ১২ পুরিয়া, প্রায় ০.৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে মির্জাপুর ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।







