
নিজস্ব প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি ভাইরাল হওয়া ‘রোবট’ সংক্রান্ত ভিডিওটি সম্পাদিত ও বিভ্রান্তিকর।
গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৩টা ৩৫ মিনিটে কুড়িগ্রামের কচাকাটা থানাধীন পশুরামেরকুটি গ্রামের মিলনী বাজার এলাকায় একটি দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ঘূর্ণায়মান দুটি চাকাসদৃশ আলোকিত বস্তু দেখে অনেকে একে ‘রোবট’ হিসেবে প্রচার করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভিডিও ক্লিপ যাচাই করে দেখা গেছে—একটি সাধারণ বাইসাইকেলের দুই চাকায় ছোট লাইট সংযুক্ত ছিল এবং সামনে একটি হেডলাইট ছিল। সোজা হ্যান্ডেলযুক্ত বাইসাইকেলটি একজন ব্যক্তি সামনের দিকে ঝুঁকে দ্রুতগতিতে চালাচ্ছিলেন। সিসিটিভি ক্যামেরার রেজুলেশন কম হওয়ায় বিষয়টি অস্পষ্টভাবে ধরা পড়ে।
আরও যাচাইয়ে দেখা যায়, সংশ্লিষ্ট ক্যামেরার মেমোরি কার্ডে সংরক্ষিত সব ভিডিওর তারিখ ১৪ নভেম্বর ২০২৫ প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি ভাইরাল হওয়া ক্লিপে একই সময়ের একটি ভিডিও তিনবার এডিট করে সংযোজন করা হয়েছে, যা ফুটেজের নিচের বাম কোণে দৃশ্যমান।
বিজিবি জানায়, পরিকল্পিতভাবে ভিডিওটি সম্পাদনা করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা করা হয়েছে। বর্তমানে সিসিটিভি ক্যামেরা ও মেমোরি কার্ড ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের হেফাজতে রয়েছে।
বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং যেকোনো সন্দেহজনক তথ্য যাচাই করে প্রচারের অনুরোধ করেন।







