
মো: ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌকস পুলিশ কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ। তার যোগদানে উপজেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, অন্যদিকে অপরাধ সংশ্লিষ্টদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
দীর্ঘদিনের পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার মাধ্যমে তিনি ইতোমধ্যে নিজেকে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জেলায় দায়িত্ব পালনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার নেওয়া কার্যকর পদক্ষেপ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
এর আগে শিবগঞ্জ ও সদর মডেল থানায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একাধিক জটিল ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করে সুনাম অর্জন করেন। অপরাধ দমনে তার ‘জিরো টলারেন্স’ নীতি সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নাচোল থানায় দায়িত্ব গ্রহণের পরই তিনি কঠোর বার্তা দিয়েছেন—আইনের চোখে সবাই সমান, অপরাধী যেই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। তার নেতৃত্বে এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মানবিকতা ও জনবান্ধব আচরণের জন্যও তিনি সুপরিচিত। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে আসা সেবাপ্রার্থীরা তার আন্তরিকতা ও দ্রুত সেবায় সন্তোষ প্রকাশ করেছেন।
নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব। নাচোলবাসীর সহযোগিতায় একটি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, একজন দায়িত্বশীল, সাহসী ও মানবিক কর্মকর্তার নেতৃত্বে নাচোল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ফিরে আসবে।







