
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি বসতবাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে থাকা এক যুবককে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ও কথিত মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হন।
রোববার (১৬ আগস্ট ২০২৬) উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের দুর্গম ইসলামপুর চরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন ও এএসআই জাহেদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ইসলামপুর গ্রামের কৃষক মো. বাদশা মিয়া (৫০), পিতা—মৃত তালেবুদ্দি, এর বসতবাড়ি থেকে প্রায় ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মিয়া গাছটি কেটে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় কাটা গাছটি উদ্ধার করা সম্ভব হয়। এ সময় বাদশা মিয়া পালিয়ে যেতে সক্ষম হন।
অভিযানকালে বাদশা মিয়ার বাড়িতে অবস্থানরত তার ছেলে ফারুক (২০)-কে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিরা দুর্গম এলাকায় অবস্থান করলেও পুলিশকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।









