
রংপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার
রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুইজনকে রাজধানী ঢাকা মহানগরীর মিরপুর এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্র ধারণ করে এলিট ফোর্স র্যাব হত্যা, অপহরণ, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আলোচিত এ হত্যা মামলার আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নুরুজ্জামান (৩১) এর পরিবার ও অভিযুক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে নুরুজ্জামানের মায়ের ওপর হামলা চালায় এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরে মাকে রক্ষায় এগিয়ে এলে নুরুজ্জামানকে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মিঠাপুকুর সরকারি হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টা ৩০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১২, তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২৬)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র্যাব-৪, সিপিসি-১, মিরপুরের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যায় ঢাকা মহানগরীর মিরপুর থানার ঈদগাহ মাঠ ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে মামলার ১নং ও ৫নং এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ জাহাঙ্গীর আলম (৩৪) ও মোঃ মোছন মিয়া (৫০) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







