
আবুল হোসেন বাবলুঃ
নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের তাজহাট থানাধীন ধর্মদাস বারো আউলিয়া গ্রামস্থ “রংপুর হিমাগারে” চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। হিমাগারের মালিক মিজানুর রহমান শনিবার (১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ডাকাতির ঘটনাটি সংঘটিত হয়।
কর্মচারীদের বরাত দিয়ে মিজানুর রহমান জানান, ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ডাকাত বাঁশের তৈরি মই ব্যবহার করে হিমাগারের পেছন দিক দিয়ে ভেতরে প্রবেশ করে। হাসুয়া, রামদা, বল্লমসহ তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। হিমাগারে প্রবেশ করে নাইটগার্ড, ড্রাইভার ও অন্যান্য কর্মচারীদের হাত-পা বেঁধে
মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে।
এ সময় কর্মচারীদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা লুট করে নেয়। এছাড়াও হিমাগারের ব্যবস্থাপনের কক্ষের ফাইল কেবিনেট ও টেবিলের ড্রয়ার ভাঙচুর করে। সেখানে কোনো নগদ অর্থ না পেয়ে হিমাগারের
সিসিটিভি’র ডিভিআরটি খুলে নিয়ে গেছে।
ভুক্তভোগী পেপসিকো কোম্পানির সাব্বির, সবুজ আলী, কর্মচারী ও ট্রাকচালক বাবু জানান, ডাকাতদের প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল।
তবে তাদের কথাবার্তায় স্থানীয় ভাষার পাশাপাশি কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও ঢাকাইয়া ভাষার সংমিশ্রণ শোনা গেছে। নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করা ছাড়াও পাঁচটি মোবাইল ফোন এবং সিসিটিভি’র ডিভিআর সেটটি খুলে নিয়ে গেছে ডাকাতরা।
খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ওসি শাজাহান আলী জানান, ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ###







