ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলার পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি টিম ঢেবঢেবী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় পাথরডুবি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ বেলাল হোসেনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি মাজম আলীর ছেলে।
অপরদিকে একই দিন বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে থানার আরেকটি টিম ভূরুঙ্গামারী-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গছিডাঙ্গা এলাকার মোঃ চান মিয়াকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি বয়তুল্লাহর ছেলে।
পুলিশ জানায়, আটক দুইজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি বলেন, মাদক, চাঁদাবাজি, অনলাইন ও অফলাইন জুয়া এবং সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে চলমান অভিযানে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের আওতাধীন এলাকায় মাদক কারবারি ও জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।







