
আবুল হোসেন বাবলুঃ
গাইবান্ধায় সৎমা তার যুবক ছেলেকে শ্বাসরোধ করে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে দায়ের করা হত্যা মামলার পলাতক প্রধান আসামী ( সৎমা ) র্যাবের যৌথ অভিযানে পাবনা থেকে গ্রেফতার।
বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, মোছাঃ শেফা বেগম গাইবান্ধা জেলার সদর থানাধীন নশরতপুর গ্রামের মৃত আজগড় আলীর ছেলে জবিউর রহমানের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী। ভিকটিম শরিফ রহমান শুভ (২৯) জবিউর রহমানের ছেলে এবং শেফা বেগমের সৎ ছেলে। দীর্ঘদিন পূর্বে জবিউর রহমান শেফা বেগমকে তালাক প্রদান করে। সেই ক্ষোভে শেফা বেগম ক্ষিপ্ত হয়ে সাবেক স্বামীর পরিবারের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত হয়।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারী বিকেলে সৎমা শেফা বেগম তার সহযোগীদের সহায়তায় সাবেক স্বামী জবিউর রহমানের আগের ঘরের ছেলে শরিফ রহমান শুভকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করে। পরে মৃত্যুকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য শুভ’র মরদেহ গাছের ডালের সাথে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় গাইবান্ধা জেলার সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়।
পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রাপ্তির পর শুভ’র পিতা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৩/৩২৪, তারিখ- ০২/০৯/ ২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/ ২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০।
অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনা হওয়ায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় ঘটনাটি ব্যাপকভাবে প্রচারিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ছায়াতদন্ত শুরু করে র্যাব।
গোয়েন্দা তৎপরতা এবং তদন্তের একপর্যায়ে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-১২ সিপিসি -২ পাবনা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার ১৯ নভেম্বর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পাবনা জেলার সদর থানাধীন দিলালপুর এলাকা থেকে যৌথভাবে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর সৎ ছেলে হত্যা মামলার প্রধান আসামী (সৎমা) কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত সৎমা গাইবান্ধা জেলার সাঘাটা থানার অন্তর্ভুক্ত পূর্ব অনন্তপুর গ্রামের মৃত আমির উদ্দিন মুন্সীর মেয়ে মোছাঃ শেফা বেগম (৪৫)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে









