
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুই রাইস মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের দিনা অটো রাইস মিল ও দিপু অটোমেটিক রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে কুড়িগ্রাম পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার, উপজেলা পাট কর্মকর্তা মোস্তাফিজার রহমান এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “সরকার ঘোষিত ১৭টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু উক্ত দুটি রাইস মিল প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেট করে বাজারজাত করছিল। এ কারণে দুটি মামলা দায়ের ও জরিমানা করা হয়েছে। পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”







