
মোঃ ইমরান আলী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি –
“রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ” এবং “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে উপজেলা পরিষদের জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়াম/হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ডা. মো. সাইমন পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। এছাড়া মৎস্যজীবী সমিতির সভাপতি, মৎস্যজীবী প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি মাছ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ খাত আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
বক্তারা আরও বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






