
আব্দুল মতিন মুন্সী (ফরিদপুর জেলা প্রতিনিধি) :-
ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীন ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের দুর্ঘটনায় পঙ্গু দুই সহোদরের মানবিক দুর্দশার চিত্র জাগো কন্ঠতে প্রকাশের পর সমাজের দানবীর ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে।
সংবাদটি নজরে এলে দানবীর ও সমাজসেবক মো. আশরাফুজ্জাম মিলন অসহায় পঙ্গু দুই ভাইয়ের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা মো. জাকির বিশ্বাস (৪০) ও মো. হাসান বিশ্বাস (৩০)-কে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে দানবীর মো. আশরাফুজ্জাম মিলন বলেন,
“সাংবাদিক আব্দুল মতিন মুন্সীর লেখা সংবাদটি পড়ে মো. জাকির বিশ্বাস ও মো. হাসান বিশ্বাসের পঙ্গুত্বপূর্ণ জীবনযাপনের করুণ চিত্র জানতে পারি। বিষয়টি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
খবরটি পেয়ে দুই ভাই ও তাদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা দানবীর মো. আশরাফুজ্জাম মিলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সহায়তা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, এই সহায়তার প্রতিশ্রুতি দুর্ঘটনায় পঙ্গু দুই সহোদরের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তারা সমাজের অন্যান্য বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও এ ধরনের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে জাগো কণ্ঠে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদনে উঠে আসে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা দুই ভাইয়ের অসহায় জীবনের করুণ বাস্তবতা, যা ইতোমধ্যে প্রশাসন ও সমাজের মানবিক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।







