
কবির হোসেন রাকিব প্রতিবেদক, (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবসু এলাকায় নোয়াখালীর সুধারাম থানা এলাকার একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে দফায় দফায় হামলা, মারধর, বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট এবং নারী শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। গত ১ ও ২ জুন রাতে উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরবসু গ্রামের এক বসতবাড়িতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী গৃহকর্তা মোঃ দেলোয়ার বাদী হয়ে নোয়াখালীর সুধারাম থানার আন্ডারচর এলাকার মোঃ রুবেল (২৫), মোঃ তারেক (২২), মোঃ ইব্রাহিম (৩৫) সহ ১২ জনের নাম উল্লেখ করে কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা নোয়াখালী সদর থানার আনন্দ বাজার ও আন্ডারচর এলাকার বাসিন্দা এবং চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য। সীমান্তবর্তী এলাকা হওয়ায় তারা প্রায়শই কমলনগর এলাকায় এসে নারীদের ইভটিজিং, যৌন হয়রানিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।
গত ১ জুন (সোমবার) রাত আনুমানিক ৯টার দিকে সামান্য রিক্সা ভাড়া নিয়ে তর্কবিতর্কের জেরে বিবাদীরা বাদীর ভাতিজা মোঃ রায়হান ও মোঃ শাকিবের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা হুমকি দিয়ে চলে যায়। আহতরা স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।
এরই ধারাবাহিকতায় পরদিন ২ জুন (মঙ্গলবার) রাত আনুমানিক ১১টার দিকে বিবাদীরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী মোঃ দেলোয়ারের বসতবাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা কুপিয়ে ও পিটিয়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং জোরপূর্বক ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে বাদীর স্ত্রী ও মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা চালায় বখাটেরা। এসময় প্রাণভয়ে বাদীর স্ত্রী ও কন্যা ঘরের টয়লেটে আশ্রয় নেন।
হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ভুক্তভোগীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ভুক্তভোগী পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করতে গিয়ে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী।
এই বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।






