
কবির হোসেন রাকিব প্রতিনিধি, (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে বাড়ির চলাচলের পথ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধের জেরে পথ বন্ধ করে দেওয়া এবং মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল হক (৭০) বাদী হয়ে কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মে ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৭:০০ ঘটিকায় চর জাঙ্গালিয়া গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আমিনুল হকের পরিবারের চলাচলের পথে বড়ই গাছের কাঁটা ও বাঁশের কঞ্চি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিবেশী তোফায়েল আহম্মেদ গং। এতে বাধা দিলে আমিনুল হকের স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঞ্ছিত করার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আমিনুল হকের ছেলে আবদুল গনি (৩২) ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে বিবাদী পক্ষ তাকে কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ডাক-চিৎকারে স্থানীয় সাক্ষীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ নিয়ে আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও বাদী জানান।
এদিকে অভিযোগের বিষয়ে বিবাদী ও গণমাধ্যম কর্মী তোফায়েল আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, “উক্ত জায়গাটি আমাদের পুরান বাড়ি এবং এটি আমাদের পূর্বপুরুষের নিজস্ব রেকর্ডীয় সম্পত্তি। আমিনুল হক আমাদের জায়গায় ঘর উঠিয়েছেন এবং আমার বাড়ির ভেতরের জায়গা দখল করে রেখেছেন, যা আমাকে বুঝিয়ে দিচ্ছেন না। যার কারণে আমি আমার জায়গায় কাঁটা দিয়েছি এবং এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।”
পথের তফসিল সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ স্থানটি ১৯নং চর জাঙ্গালিয়া মৌজার আর এস ১০৭৮ নং খতিয়ানের ২২১৯৪ ও ২২১৯৫ দাগের অন্তর্ভুক্ত।
ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে আইনের আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে কমলনগর থানা পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






