
মোঃ রুহুল আমিন পারভেজ
জেলা প্রতিনিধি জয়পুরহাট
জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ইজিবাইক শ্রমিকরা।
রোববার (২৬ জুলাই) বিকেলে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকায় ইজিবাইক শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ইজিবাইক শ্রমিক অংশ নেন।
এর আগে একই দিন দুপুর ২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হাসানের মৃত্যু হয়। গত ২৩ জুলাই বিকেলে জয়পুরহাট শহরের মাছ বাজার স্ট্যান্ড এলাকায় পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মানববন্ধনে জেলা অটোরিকশা! শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাবু, সাবেক সভাপতি এম এ এইচ আরমান ও আবু মুসা সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন, সড়ক সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।






