
রতন রায় : স্টাফ রিপোর্টার।
জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে শনিবার (১ আগস্ট) কুড়িগ্রামে বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা। জেলা শহরের আলিয়া মাদ্রাসার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বর ও কলেজ মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিকেলের এই গণমিছিলে জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার আমীরসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি কলেজ মোড় চত্বরে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে ও জনগণের রায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্রহণযোগ্য শাসনব্যবস্থা নিশ্চিত করতে জনমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ জরুরি।
উল্লেখ্য, জুলাই সনদ (জুলাই জাতীয় সনদ ২০২৫) বাংলাদেশের একটি রাজনৈতিক সনদ, যাতে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রাষ্ট্রসংস্কারের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে সম্প্রতি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জুলাই সনদ বাস্তবায়নে দেশব্যাপী ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তারই অংশ হিসেবে কুড়িগ্রামে এই গণমিছিল অনুষ্ঠিত হলো।
জেলা জামায়াতের নেতারা জানান, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন না করা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।






