
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ মোল্লা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর আন্ডা ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাশের বেড়িবাঁধের অবস্থা এখন অত্যন্ত নাজুক। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা এই জনপদের একমাত্র রক্ষাকবচ এই বাঁধটি এখন অস্তিত্ব সংকটে। স্থানীয়দের দাবি, বাঁধের একাধিক স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বাঁধের মাটির বড় একটি অংশ ধসে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে আগামী দুই-এক দিনের মধ্যেই জোয়ারের নোনা পানিতে পুরো গ্রাম প্লাবিত হতে পারে। এতে ঘরবাড়ি, ফসলি জমি ও গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
স্থানীয়দের বক্তব্য মোঃ মাইনুল ইসলাম জানান, প্রতিবছরই ভাঙন আতঙ্কে তাদের দিন কাটে। কিন্তু বর্তমানে বাঁধের যে অবস্থা, তাতে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। স্থানীয়দের মধ্যে এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা
জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের জন্য স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ড ও রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।







