
মো. আব্দুল গফুর সিকদার
মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টায় উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের চৌমুহনী বাজারে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, তরুণ সমাজ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।
ক্যাম্পেইনে বক্তব্যে ওসি মাজহারুল ইসলাম বলেন, “মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং একটি অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ প্রশাসন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। মনপুরাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, মাদক ব্যবসা, সেবন কিংবা মাদক ব্যবসায় অর্থায়নের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়তা রক্ষা করে পুলিশকে জানাতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল্লাহ ইলিয়াস, উপজেলা বিএনপির নেতা বিপ্লব ফরাজী এবং যুবদল নেতা আইয়ুব ডাক্তার। এছাড়া মনপুরা থানার অন্যান্য পুলিশ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইন শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং মনপুরাকে মাদকমুক্ত করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।






