
হাবিবুর রহমান হাবিব, লালমনিরহাট প্রতিনিধি.
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে জেলার হাতিবান্ধা উপজেলার সোনালী ব্যাংক চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক হাতিবান্ধা সোনালী ব্যাংক চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি হুন্ডা নামক একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী জহুরুল ইসলাম ও আব্দুল মজিদ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা অন্যান্য আহত ব্যক্তিদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দূর্ঘটনায় নিহত জহুরুল ইসলাম (৫০) হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম সারডুবি এলাকার বাসিন্দা। অপর নিহত আব্দুল মজিদ (৫০) সিঙ্গিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান দুর্ঘটনায় দুইজন নিহত ও কয়েকজন আহত হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।#







