
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার সুন্দরগঞ্জে র্যাব-১৩ এর অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা ১৬ মিনিটে সিপিসি-৩, র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানার মহেশপুর এলাকায় জনৈক আপেল রহমানের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে এক মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করলে মোট ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মাহাফুজার রহমান (৩৮)। তাঁর পিতা মৃত আফজাল হোসেন ও মাতা মোছাঃ জাহানারা বেগম। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিলনপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাহাফুজার রহমান স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে গাইবান্ধা ও আশপাশের এলাকায় অজ্ঞাত ব্যক্তিদের নিকট থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। মাদক পরিবহনে তিনি নিয়মিত অভিনব কৌশল ব্যবহার করতেন বলেও র্যাব জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।







